সৌদি থেকে নারী শ্রমিকদের মৃতদেহ আসার সংখ্যা বাড়ছে

0
224
ছবি: বিবিসি

অভিবাসন নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা বলেছে, সেখানে ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ নিয়ে এবছর ৯০০ জনের মতো বাংলাদেশী নারী গৃহকর্মি দেশে ফেরত এসেছে।

সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের মৃতদেহ দেশে আসার সংখ্যাও বেড়েছে। এই বিষয়টিকেই বেশি উদ্বেগজনক বলে বলা হচ্ছে।

ফেরত আসা নারী শ্রমিকরা ধর্ষণসহ নানাভাবে নির্যাতিত হওয়ার অভিযোগ করছেন। সরকারি কর্মকর্তারাও বলছেন, এসব অভিযোগের কিছুটা সত্যতা আছে। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ সরকার কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে-এই প্রশ্ন অনেকে তুলছেন।

এ বছর সৌদি আরব থেকে বাংলাদেশী নারী গৃহকর্মির ৪৮ জনের মৃতদেহ দেশে আনা হয়। তাদের মধ্যে ২০ জনই সৌদি আরবে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন। বেসরকারি সংস্থা ব্রাক এর অভিভাসন কর্মসূচির কাছ থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। সংস্থাটি বলেছে, সৌদি আরবে গৃহকর্মির কাজ করতে গিয়ে নির্যাতনের কারণে বাংলাদেশী নারীদের মৃত্যুর ঘটনাগুলোর কোন বিচার হচ্ছে না।

সৌদি আরবে দীর্ঘ সময় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ থাকার পর ২০১৫ সালে নারী গৃহকর্মি পাঠানোর শর্তে সেই বাজার খুলেছিল। সে সময়ের চুক্তির পর চার বছরে প্রায় তিন লাখ গৃহকর্মি সৌদি আরবে গেছে। এর মধ্যে আট হাজারের মতো ফেরত এসেছে বলে সরকারি তথ্যেই দেখা যাচ্ছে। ফেরত আসার সংখ্যাটা বেশি নয় বলে বাংলাদেশের কর্মকর্তারা যুক্তি হিসেবে তুলে ধরছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, সৌদিতে ২০ লাখের বেশি পুরুষ শ্রমিক আছে। তাদের বিষয়টি সরকার বিবেচনায় রাখছে। এছাড়া পুরুষ শ্রমিকদের যাওয়া অব্যাহত আছে। এই শ্রমবাজার আবার বন্ধ হোক সেটা বাংলাদেশ চায় না বলে তারা মনে করছেন।

LEAVE A REPLY