আবরারের রুমমেট মিজানুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

0
220
আবরার ফাহাদ । ছবি: বিবিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার রুমমেট মিজানুর রহমান মিজানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মিজানুরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৩ অক্টোবর মিজানুরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আবরারের রুমমেট মিজানুর। অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি মিজানুর রহমানের নাম উঠে এসেছে। ১০ অক্টোবর মিজানুরকে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন আসামি। তাঁরা হলেন অনিক সরকার, ইফতি মোশাররফ, মেহেদী হাসান ওরফে রবিন, মেফতাহুল ইসলাম, মুজাহিদুল, মনিরুজ্জামান মনির, খন্দকার তাবাখখারুল ইসলাম ও এস এম নাজমুস সাদাত।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

LEAVE A REPLY