আজ বৃহস্প্রতিবার এই রায় ঘোষণা করে আপিল বিভাগ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে এই রায় দেয় আপিল বিভাগ।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৫ সালের ২৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দাখিল করেন এ টি এম আজহারুল ইসলাম। নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ থেকে খালাস চেয়ে এ আপিল করা হয়।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আজহারুলের বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
একাত্তরে গণহত্যা, হত্যা ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা (মৃত্যুদণ্ড) দেওয়া হয়। ধর্ষণ, অপহরণ, আটক ও নির্যাতনের দুটি অভিযোগে তাঁকে মোট ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।












