চলতি সপ্তাহে আবরার হত্যার অভিযোগপত্র দাখিল করা হবে

0
195

এ সপ্তাহের মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

ডিএমপি নিউজ জানায়, রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে মনিরুল ইসলাম এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি ‘আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্ররাজনীতি না মূল্যবোধের অবক্ষয়, কোনটি দায়ী’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, আবরার হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। এ হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা সবাই দুর্বৃত্ত ও অপরাধী। আবরার হত্যায় জড়িত ব্যক্তিদের কার কী দায়, তা নিরূপণ করা হচ্ছে এবং মামলায় নিখুঁত অভিযোগপত্র দাখিল করা হবে। তিনি বলেন, ‘আমরা আবরার হত্যা মামলার অভিযোগপত্র নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দাখিল করার লক্ষ্যে কাজ করছি।’

প্রসঙ্গত ৬ অক্টোবর রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা। তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY