বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

0
229
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ‘বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। দেশে জঙ্গি-সন্ত্রাসীদের লালন-পালন করে না। তাই আমরা দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে পেরেছি। দেশে মাদক নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে আছেন। মাদক নির্মূলে নিরাপত্তা বাহিনী কাজ করছে, আমরা তাতেও সফল হব।’ শুক্রবারে বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার এক বছর পূর্তিতে র‍্যাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপার সম্ভাবনাময় সুন্দরবনে দস্যুরা পর্যটকদের জন্য যেমন ভয়ংকর ছিল, তেমনি সাগর ও বনে যারা জীবিকা নির্বাহ করত, তাদের কাছেও ছিল ভয়ংকর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেই সুন্দরবন আজ জলদস্যু ও বনদস্যু মুক্ত হয়েছে। শুধু দস্যুমুক্তই নয়, এখন ব্যবসায়ী ও জেলেরা কোনো ভয়ভীতি ছাড়াই সুন্দরবনে যাচ্ছেন।

এই সময়ে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অবদান রাখার জন্য অনুষ্ঠানে সাংবাদিক ও র‌্যাব কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুল হক, সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

LEAVE A REPLY