সাইক্লোন বুলবুলের তীব্র তাণ্ডব থেকে রক্ষা করা গেছে ৭৫টি প্রাণ, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ঝড়ের দাপটে ডুবতে বসেছিল ৭৫ যাত্রীর একটি জাহাজ। পুলিশি তৎপরতায় রক্ষা পেয়েছেন সমস্ত যাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের নেতৃত্বে উদ্ধার করা হয় সমস্ত যাত্রীকে। এঁরা ঝড়ের গতিবিধি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। সম্ভবত, আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তাও পৌঁছোয়নি এঁদের কাছে। আপাতত নামখানার কাছে মুসৌনি দ্বীপে সবার আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
মমতার কথায়, সঙ্গে খাবার থাকায় যাত্রী এবং নাবিকেরা কেউই খাবার চাননি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদে মাথাগোঁজার ঠাঁইটুকুই তাদের একান্ত কাম্য। এই ৭৫ জন যাত্রী ছাড়াও ঝড়ের ঝাপটায় বিপন্ন ১,১২,৩৬৫ জন শরণার্থীকে ইতিমধ্যেই আশ্রয় দেওয়া হয়েছে স্কুল এবং ৩২৮ টি ত্রাণ শিবিরে।












