পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

0
209
স্বরাষ্ট্রমন্ত্রীর  আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

নতুন ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ সংশোধনের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তারা। গতকাল বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর  আসাদুজ্জামান খান কামালের বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরিবহন মালিক-শ্রমিকদের ৯ দফা দাবির আংশিক পরিবর্তনের বিবেচনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগের ক্ষেত্রে পরিবহন শ্রমিক ও মালিকরা আইনের কিছু ধারা সংশোধনের দাবি জানিয়েছিলেন। তারা ৯ দফা দাবি প্রস্তাব করেছিলেন।

তিনি জানান , পরিবহন মালিক-শ্রমিকদের ৯ দফা দাবির যে সব দাবিগুলো সংগত সেগুলোর মধ্যে কয়েকটা মেনে নিতে সময় বেধে দেয়া হয়েছে। আর বাকি দাবি অনুসারে আইন সংশোধনের বিষয়ে বেশকিছু সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা পাঠাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তারা বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্সের আবেদন বা নবায়নের জন্য তাদের আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নির্দিষ্ট সময়মত তা দিতে পারেনি। ফলে তারা সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় গাড়ি চালাচ্ছে। এক্ষেত্রে তারা লাইসেন্সগুলো ঠিক করতে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছেন। আমরা তা মেনে নিয়েছি। এখন তারা বর্তমানে যে লাইসেন্স আছে সেগুলো দিয়ে গাড়ি চালাতে পারবেন।

এছাড়া ফিটনেস বিহীন গাড়ির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে গাড়ির ফিটনেস হালনাগাদ করার জন্য নিয়মমাফিক কর প্রদান করেননি। ফলে গাড়ির ফিটনেস থাকা সত্ত্বেও তাদের কাছে ফিটনেস সার্টিফিকেট নেই। তাদের ক্ষেত্রেও বিআরটিএ’র ফিটনেস সার্টিফিকেট নবায়ন করতে ৩০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।

LEAVE A REPLY