আদালতের নির্দেশে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১০৯ শিশুর মধ্যে মুক্তি পেল আরও ৩৬ শিশু।এ নিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১টি শিশুর সবাই মুক্তি পেল।
গত মঙ্গলবার ও সোমবার নিজ নিজ পরিবারের কাছে শিশুদের বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে ১২১ জন শিশুকে আটকের পর বিভিন্ন অপরাধের অভিযোগে বিশেষ বাহিনী র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছিল। এরপর এই শিশুদের গাজীপুর এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল।
পরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১ শিশুর মধ্যে ১১ শিশুকে মুক্তি দেওয়া হয় গত ১১ নভেম্বর রাতে। এর মধ্যে সাজা ভোগ করে আগেই ছাড়া পেয়েছিল একজন। বাকি ১০৯ শিশু, যাদের বয়স ১২ থেকে ১৮ বছর, তাদের জামিনের জন্য একজন আইনজীবী নিয়োগ করে দিয়েছিল শিশু উন্নয়ন কর্তৃপক্ষ। তিনি শিশুদের পক্ষ হয়ে সংশ্লিষ্ট আদালতে আপিল করলে সব শিশুকে জামিন দেন আদালত।












