লক্ষ্মীপুরে দত্তপাড়া ইউনিয়নের গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, গভীর রাতে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে ওই দুই যুবক নিহত হয়েছেন।
নিহত দুই যুবক হলেন- দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।












