আজ রোববার শুরু হচ্ছে বিপিএলের জাঁক-জমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। দর্শকদের প্রবেশের জন্য বিকেল পাঁচটা পর্যন্ত গেট খোলা থাকবে।
টুর্নামেন্ট শুরুর আগে দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে জাঁক-জমক এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর একশ দিনের কাউন্ট ডাউন শুরুর কথা রয়েছে। আজ রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।
যোগ দিচ্ছেন বলিউড তারকা সালমান খান। থাকছেন ক্যাটরিনা কাইফ। কৈলাশ খের-সনু নিগমের মতো জনপ্রিয় শিল্পীরা সুর মেলাবেন। দর্শক মাতাবেন মমতাজ ও নগর বাউল খ্যাত জেমস।
অনুষ্ঠানের শুরুতেই গান গাইবেন মঈদুল ইসলাম খান ও রেশমি মির্জা। সন্ধ্যা ৬ টার দিকে গাইবেন নগর বাউল জেমস ও শিল্পী মমতাজ। সন্ধ্যা সাড়ে ৭টায় বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পারফর্মেন্স করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।












