বরিশাল নগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

0
164

বরিশাল নগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে নতুন কমিটি। সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক।

গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী। প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর।

বেলা ৩টার দিকে বরিশাল ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। এতে বরিশাল নগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নগর কমিটির ৩৭১ জন কাউন্সিলর যোগ দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটাভুটি ছাড়াই এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।

সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর প্রার্থী হন। আর সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হন মেয়র সাদিক আবদুল্লাহ। পরে গোলাম আব্বাস চৌধুরী সভাপতি পদে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর এ কে এম জাহাঙ্গীরকে সভাপতি এবং একমাত্র প্রার্থী হিসেবে সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

LEAVE A REPLY