গতকাল মঙ্গলবার থেকে চালু হলো ভোলা-ঢাকা নৌরুটে ভোলাবাসীর স্বপ্নের ‘গ্রীন লাইন ওয়াটার বাস’ । এর ফলে খুব কম সময়ে ঢাকা পৌঁছানোর পাশাপাশি দিনের বেলায় নৌপথে আসা-যাওয়ার সুযোগ পাবে ভোলাবাসি। এর মাধ্যমে ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে মনে করছেন স্থানীয়রা।
গ্রীন লাইন ওয়াটার ওয়েজের দ্রুতগামী জাহাজ সার্ভিসটি প্রতিদিন ভোলার ইলিশা ঘাট থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং ঢাকা সদরঘাট থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে। এতে করে দিনের বেলায় যাতায়াত করতে পারবে বাংলাদেশের সর্ব দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ জেলার মানুষ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা সদর ঘাটে উদ্বোধন শেষে গ্রীন লাইন ভলভো ওয়াটার বাসটি ঢাকা থেকে ছেড়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১২টার দিকে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে। এর মধ্য দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিলো। গ্রীন লাইন ওয়াটার বাস ইলিশা ঘাটে এসে পৌঁছলে উৎসুক জনতা গ্রীনলাইন কর্তৃপক্ষকে স্বাগত জানান
গ্রীন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। ভোলা-ঢাকা রুটে গ্রীন লাইন সার্ভিস চালু ভোলাবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিলো। সেই দাবির প্রেক্ষিতে আমরা বিআইডব্লিউটিএর অনুমোদন নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে গ্রীন লাইন সার্ভিস চালু করেছি। মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে।
রাজধানীর সাথে ভোলার নৌপথে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নৌযান। প্রতিদিন জেলা সদরসহ জেলার সাত উপজেলা থেকে লঞ্চ যাওয়া আসা করে। তবে উভয় স্থান থেকে রাতেই এসব লঞ্চ চলাচল করছে এবং ভোরে গন্তব্যে গিয়ে পৌঁছায়। নৌযানের উপর নির্ভরশীল এ অঞ্চলের যাত্রীরা।
‘গ্রীন লাইন ওয়াটার বাস’ এর মাধ্যমে ভোলাবাসী দিনের বেলায়ও রাজধানীতে যাওয়া আসা করতে পারবে।












