শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইলিয়াস কাঞ্চন

0
169
পরিবহন শ্রমিকনেতা শাজাহান খান ও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন । ফাইল ছবি

পরিবহন শ্রমিকনেতা ও সরকারদলীয় সাংসদ শাজাহান খানকে তাঁর বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরতে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন , ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শাহাজাহান খানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে নিসচা এই সংবাদ সম্মেলন করে।

ইলিয়াস কাঞ্চন বলেন ‘আমি আবার তাঁকে (শাজাহান খান) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে জাতির সামনে তথ্য তুলে ধরতে হবে। নতুবা আমি আইনের পথেই হাঁটব। আমরা ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি। প্রক্রিয়া চলমান আছে।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, কজন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করছি।’

এর প্রতিবাদে লিখিত বক্তব্যে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি অনুষ্ঠানে আমাকে এবং নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গ টেনে এনেছেন। আমার চরিত্র হরণের চেষ্টা চালিয়েছেন। তিনি এসব প্রশ্ন যখন করেছেন, তখন আমি বিশেষ প্রয়োজনে ভারতে অবস্থান করছিলাম। তাই তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হতে পারিনি। তবে নিসচার পক্ষ থেকে ওই দিনই প্রতিবাদ জানানো হয়েছিল। শাজাহান খানের বক্তব্যের জন্য তাঁকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। হয় তথ্য প্রমাণ উপস্থাপন করুণ, নতুবা ক্ষমা প্রার্থনা করুন। গত ২৪ ঘণ্টাতেও শাজাহান খান তাঁর বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি। এবং ক্ষমাও চাননি।’

LEAVE A REPLY