স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে একাত্তরের রাজাকারদের তালিকার প্রথমপর্ব প্রকাশ করেছে সরকার। প্রকাশিত তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম প্রকাশ করা হয়।
এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://molwa.gov.bd/) পাওয়া যাবে।
আজ (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রথম ধাপের এই তালিকা প্রকাশ করেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাঁরা ৭১ সালে রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে, শুধু সেটুকু প্রকাশ করা হবে। কোনো তালিকা শতভাগ নিশ্চিত না হয়ে প্রকাশ করা হবে না। অন্যায়ভাবে কেউ তালিকাভুক্ত হবে না।’
মন্ত্রী জানান, “প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয়।” আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীসহ মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ক্ষমতায় থাকাকালে অনেক তথ্য মুছে ফেলা হয়েছে বলেও জানান তিনি।












