‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ এর মুকুট জিতলেন জ্যামাইকার সুন্দরী টোনি-আন সিং। দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের অফেহলি মেজিনো। আর তৃতীয় ভারতের রাজস্থানের মেয়ে সুমন রাও।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) লন্ডনে এ খেতাব ঘোষণা করা হয়।বিজয়ীর নাম ঘোষণা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। অনুষ্ঠানে টনি-অ্যান সিংয়ের মাথায় নীল রঙা মুকুটটি তুলে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মেক্সিকোর ভ্যানেসা পন্সে।
আয়োজনে বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা অংশ নিলেও সেরা ৪০-এ স্থান করে নিতে পারেননি তিনি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি।
জ্যামাইকা, ফ্রান্স এবং ভারত ছাড়াও সেরা পাঁচের তালিকায় উঠে এসেছে আরও দুটি দেশের নাম। ব্রাজিল এবং নাইজেরিয়া। প্রথম স্থান অর্জন করা টোনি জ্যামাইকায় মডেলিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ভালো গান করেন। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেট বিশ্ববিদ্যালয়ে।
এ বছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন সুন্দরী।
গেলো দুইবারের তুলনায় মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরে খুব একটা ভালো ফল হয়নি বাংলাদেশের। রাফাহ নানজিবা তোরসা সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ডে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি। পরে হেড টু হেড চ্যালেঞ্জের ফাইনালে ভারতের সুমন রাওয়ের কাছে হেরে যান তোরসা।












