ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলা দুটির যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন । দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
উল্লেখ্য , ২০১৬ সালের নভেম্বরে ডেসটিনি তাদের গাছ বিক্রি করে টাকা দেবে এমন শর্তে তাদের দুইজনকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। এ শর্ত সংশোধন চেয়ে তারা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেছিলেন। সে আবেদন ওই বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে তারা আবার জামিন চান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়। বর্তমানে এ মামলায় দুজনই কারাগারে রয়েছেন।










