এই বছর সারাদেশে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশু শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্য ফল প্রকাশ করতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এনে এ-বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক। শুনানি নিয়ে আদালত ২১ নভেম্বর রুল দেন।
রুলে পিইসি পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চান হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়।
আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে।












