ঢাকার আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে । আজ রোববার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।
পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে নিবেদিত ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আজ রোববার চিরনিদ্রায় শায়িত হবেন।
বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে স্যার আবেদকে সমাহিত করা হবে। এর আগে আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সেখানেই অনুষ্ঠিত হবে জানাজা।












