বিরোধী শিবিরে ঐক্যের ভাবনা স্পষ্ট করে গতকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দেশে বিজেপিকে একা করে দিন। যারা দেশবাসীকে তাড়াতে চায়, ভারতে তাদের জায়গা নেই।’
গত রবিবার ঝাড়খন্ডে অবিজেপি সরকারের শপথ অনুষ্ঠানের মঞ্চে দেশের বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূলনেত্রীর এই আহ্বানে রাজনৈতিক শক্তির নতুন বিন্যাসের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, এনআরসির নামে দেশের মানুষকে তাড়ানোর চক্রান্ত চলছে। সবাইকে বলব, এই চক্রান্তের বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হোন। শুধু বাংলায় নয়। সারা ভারতে যে যেখানে এই আন্দোলন করছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এটা গণতন্ত্রের জন্য আন্দোলন, মাথার উপরের আশ্রয় রক্ষার আন্দোলন। ঠিকানা রক্ষার আন্দোলন।’
মমতা আরও বলেন, ‘দেশে ১৩০ কোটি মানুষই নাগরিক। তার মধ্যে ১০০০জনকে নাগরিকত্ব দেবে। বাকিরা কি ললিপপ খাবে। কলা খাবে। দেশে শুধু বিজেপি থাকবে? আমরা সবাই নাগরিক। এক একটি রাজ্যের ভাষা আলাদা। কিন্তু সবটা মিলিয়ে আমাদের দেশ হিন্দুস্তান।’
বিতর্কিত এনপিআর এবং নাগরিকত্ব আইন কার্যকর করবেন না বলে স্মরণ করিয়ে দিয়ে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই এলাকায় এমন মানুষ আছেন, যারা ব্যবসা করেন, চাকরি করেন। তাদের কেউ গুজরাটের, কেউ উত্তরপ্রদেশে, পাঞ্জাব, বিহার, রাজস্থানের বাসিন্দা। এনআরসির নাম করে সব লোকেদের ভারতবর্ষ থেকে বিতাড়নের জঘন্য চক্রান্ত চলছে।’
মমতা বলেন, ‘আদিবাসী ভাইবোনেরা তাদের জায়গা যাতে কেউ কেড়ে না নেয়, তা নিশ্চিত করতেই এই আন্দোলন।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটার লিস্টে নাম ভাল করে তুলুন। ভোটার লিস্টে অনেক ভুল করেছে। কারও বাবা-মার নাম ভুল হয়ে যায়, কারও ঠিকানা ভুল হয়ে যায়। ভালও করে মিলিয়ে নিন। আপনারা শুধু এটুকু করুন। কাউকে আমরা বাংলা ছেড়ে যেতে দেব না। এ আমার অঙ্গীকার।’
এদিকে একই দিন তৃণমূলের সমালোচনা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘লোকসভা ভোটের আগেও ব্রিগেডে হাত ধরাধরি করে মোদী হঠাও স্লোগান শুনেছিলাম। মানুষ যোগ্য জবাব দিয়েছ। দিদিমনি তাদের হাত ধরে আবার টেনে আনছেন।’
সূত্রঃ আনন্দবাজার












