গত বছরের অক্টোবরে কাতারের সঙ্গে ম্যাচটি ছিল স্মরণীয়। বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের ১০ অক্টোবর কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। ২-০ গোলে হারলেও জামাল ভূঁইয়া-মোহাম্মদ ইব্রাহিমরা হৃদয় জয় করেছিলেন সবার। ওই ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছিল পরিপূর্ণ। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য অনেক দর্শকই উচ্ছৃঙ্খল আচরণ করেছিলেন।
গ্যালারির ফেন্সিংয়ে ওঠার চেষ্টা করেছিলেন দর্শকরা। যা নজর এড়ায়নি সেদিন ম্যাচ পরিচালনা করা রেফারির। দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার ছবিসহ ম্যাচ রেফারি ফিফার কাছে রিপোর্ট করেছেন। তাতেই জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। দর্শকদের এমন আচরণের কারণে ফিফা ১৫ হাজার সুইস ফ্রা (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বাফুফেকে।
ফিফার জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘গ্যালারির দর্শকরা ফেন্সিংয়ে ওঠার কারণে আমাদের জরিমানা করেছে ফিফা। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একই কারণে জরিমানা গুনতে হয়েছিল ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। আমাদের দর্শকদের এ নিয়ে আরও সচেতন হতে হবে। তা না হলে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে।’
গত ১০ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হার দিয়ে এ মিশন শুরু করেছিল জেমি ডের দল। ঢাকায় কাতারের কাছে ২-০ গোলে হারের পর কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্ট কুড়ায় দল। সবশেষ ১৪ নভেম্বর ওমানের মাসকাটে ওমানের কাছে ৪-১ গোলে হারে বাংলাদেশ।












