রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঐ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সন্ধ্যা সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসে রাজধানীর শেওড়ার উদ্দেশে রওনা দেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার মুখ চেপে ধরে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর এবং অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে তিনি জ্ঞান ফিরে পান। এরপর সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যান। সেখান থেকে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
গত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাসপাতালে যান। এবং ছাত্রীর সঙ্গে কথা বলেন।
এইদিকে ধর্ষণের প্রতিবাদে গভীর রাতে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। একইসঙ্গে বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।












