গতকাল রবিবার বার্সাপারা ক্রিকেট স্টেডিয়ামে ভেস্তে গিয়েছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পিচ শুকোতে মাঠকর্মীরা অক্লান্ত থাকলেও শুরুই করা যায়নি ম্যাচ। কভারের ফাঁক দিয়ে পানি ঢুকে পিচ ভিজে যাওয়ায় খেলা হয়নি এক বলও। কিন্তু ম্যাচটি নিয়ে ঠিকই সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ও মিডিয়া পাড়ায়। তবে ম্যাচের ফলাফল নিয়ে নয় বরং মাঠকর্মীদের কর্মকাণ্ডে।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পিচের ভেজা অংশ শুকোতে মাঠকর্মীরা হেয়ার ড্রায়ার, ইস্ত্রি, ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করেছিলেন।আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা জড়। ব্যঙ্গ-বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন অনেকে।
ভারতের প্রাক্তন জাতীয় ওপেনার আকাশ চোপড়া সরাসরি সম্প্রচারের সময়ই বলেছিলেন যে, আন্তর্জাতিক ম্যাচের আয়োজনের ক্ষেত্রে কমতি রয়েছে বর্ষাপাড়া স্টেডিয়ামে। কারণ, কভারের ফাঁক দিয়ে পানি পড়েছে বাইশ গজে।
আকাশ চোপড়া বলেছিলেন, “এটা স্কুলের ছেলেদের মতো ভুল। আউটফিল্ড একেবারে শুকনো। কিন্তু পিচে পানি চলে এসেছে। হয়তো আচ্ছাদনের কিছু জায়গায় ছিদ্র রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে এটা হতাশাজনক।”
সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীরা বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন অসম ক্রিকেট সংস্থাকে। বিশেষ করে হেয়ার ড্রায়ারের ব্যবহার তুমুল সমালোচিত হচ্ছে।
এই অবস্থায় সিরিজ হয়ে উঠেছে দুই ম্যাচের। বিরাট কোহালির দল মঙ্গলবার ইনদওরে নামছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। আর সিরিজের শেষ ম্যাচ শুক্রবার পুণেয়।












