ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান । এতে ৮০ মার্কিন সেনা নিহত হও্যার দাবি ইরানের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামের। ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ ও কুর্দিস্তানের ইরবিল ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দাবি করা হয়- হামলার মাধ্যমে কাসেম সোলেমানি হত্যার জবাব দেয়া হয়েছে।
পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালিয়ে এর জবাব দেবে ইরান এমন হুমকি দিয়েছে তারা। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এতে তিনি তেহরানের বিরুদ্ধে জোটবদ্ধ হতে রাশিয়া, চীনসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে পাশে চান।তিনি বলেন, ইরানের হামলায় আমাদের কেউই হতাহত হয়নি। আমাদের সব সৈন্য নিরাপদে আছে এবং আমাদের সেনাঘাঁটিতে খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো সামরিক জবাব দেয়া হবে কি না, তা ভাষণে পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প।












