চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল বুধবার বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের শফিকুলের ছেলে সুমন (২০) ও এনামুল সরকারের টোলার বুদ্ধুর ছেলে সেলিম (২১)।এছাড়া আহতরা হলেন সাকির ও দেলবর। তাদের রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮ বিএসএফ চাঁদনীচক বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান। সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন। ৫৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনিও বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি।
এদিকে রাতেই বিএসএফ সদস্যরা জিরো লাইনের কাছাকাছি এলাকায় মরদেহগুলো ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় স্বজনরা মরদেহগুলো উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে গভীর রাতে সবার অগোচরে মরদেহগুলো পদ্মার চর এলাকায় পুঁতে ফেলা হয়।
এলাকাবাসী জানান, সীমান্তে বিএসএফের গুলিতে কেউ মারা গেলে আইনি ঝামেলা এড়াতে এভাবেই গোপনে মরদেহ পদ্মার চরে পুঁতে ফেলা হয়।












