মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর পর ইরান ‘পিছু হটেছে’। বুধবার ভোররাতের হামলায় কোনো কোন আমেরিকান বা ইরাকীর প্রানহানী হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।
গতকাল বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর হোয়াইট হাউজ থেকে দেয়া টেলিভিশন বক্তৃতায় তিনি এই সব কথা বলেন।
হামলার বদলা নেওয়ার কোনো হুমকি দেওয়ার বদলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যদি পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং, তার ভাষায়, সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও তিনি প্রস্তুত’। যদিও এর আগে কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি কোন রকম হামলা চালায় তাহলে ৫২টি ইরানী লক্ষ্যবস্তুতে হামলা চালাবে আমেরিকা।
ইরান পরমাণু অস্ত্র পাবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি যতদিন মার্কিন প্রেসিডেন্ট আছি, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না৷পরমাণু বোমার পেছনে ছুটে ইরান ‘সভ্য’ বিশ্বকে হুমকির মুখে ফেলেছে৷ আমরা তা কখনও হতে দেবো না৷’
ইরানের বিরুদ্ধে তিনি নতুন নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেবেন যা ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন ‘ইরান তার আচরণ না বদলাবে।’ তবে এ ব্যাপারে তিনি ভেঙ্গে কিছু বলেননি।
ইরানের অতীত কর্মকান্ড নিয়ে তিনি বলেন, “১৯৭৯ সাল থেকে ইরানের বহু আপত্তিকর কর্মকান্ড সহ্য করা হচ্ছে, অনেক হয়েছে আর নয়।”
তবে একইসাথে তিনি বলেন, “ইরান একটি মহান দেশ হতে পারে, সে যোগ্যতা তাদের রয়েছে…আমাদের সবার এখন উচিৎ ইরানের সাথে নতুন একটি চুক্তির চেষ্টা করা যাতে করে বিশ্ব নিরাপত্তা বাড়ে।”
এদিকে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের যে দাবি ইরাকের পার্লামেন্ট করেছে, সে ব্যাপারে কোনো কথা ট্রাম্প।
কাসেম সোলায়মানিকে হত্যার পক্ষে আবারো যুক্তি তুলে ধরেন তিনি। নিহত ইরানি জেনারেলকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তার হাত হাজার হাজার ইরানি এবং আমেরিকানের রক্তে রঞ্জিত ছিল।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে তারা আমেরিকার ‘মুখে চপেটাঘাত’ করেছেন। “গতরাতে আমরা তাদের মুখে চড় মেরেছি।”
১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আয়াতোল্লাহ খামেনি এ কথা বলেন। এ সময় সমবেত জনতা ‘আমেরিকার ধ্বংস চাই বলে শ্লোগান’ দেয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, “যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরণের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, (মধ্যপ্রাচ্যে) আমেরিকার উপস্থিতি শেষ করে দেয়া।”
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বলেছেন, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে পারলেই কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নেওযা হবে।












