ভাষা সৈনিক ও রাজনীতিবিদ এ্যাডভোকেট আহমেদ আলী আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত ১টা ৪৫মিনিটে রাজধানীর অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন তিঁনি। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
ভাষা সৈনিক আহমেদ আলীর প্রথম নামাজে জানাযা তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে হবে। পরে আজ শনিবার বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে কুমিল্লা নগরীর শাষনগাছা কবরস্থানে দাফন করা হবে।
৯৭ বছর বয়সী এ নেতা ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। কুমিল্লা আওয়ামী লীগের প্রথম প্রশাসক আহমেদ আলী নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলনে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছিলেন স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান।












