মতিঝিলে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনু ভূইয়া ও রূপম ভূইয়াকে গ্রেফতার করেছে সিআইডি। আজ সোমবার সকালে কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এনামুল হক এনু ওরফে এনু ভূইয়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুপন ভূঁইয়া যুগ্ম-সাধারণ সম্পাদক।
সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, ক্যাসিনো বিরোধী অভিযানের পর দুই ভাই পালিয়ে কক্সবাজার গেছিলো। সেখান থেকে মিয়ানমার যেতে চেয়েছিলো তারা। তবে তারা পারেনি। ভুয়া পাসপোর্ট বানিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিলো তাদের।
তিনি আরও জানান, তাদের নামে চারটি মামলা আছে। তাদের বিপুল পরিমাণ সম্পত্তি। এরমধ্যে, জমিসহ বাড়ি ২২টি, ৯১টি ব্যাংক হিসেব যেখানে ১৯ কোটি টাকা আছে। এছাড়া তাদের ৫টি গাড়ি আছে। প্রচুর পরিমান টাকা তারা বাইরে পাঠিয়েছে।
গত বছরের ২৪ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের সময় তাদের বাসায় অভিযান চালায় র্যাব। তখন তারা গা ঢাকা দেয়ায় তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী।এর পর ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গেণ্ডারিয়া থানায় দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একাধিক বার অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা যায়নি। অবশেষে সোমবার ধরা পড়লেন আলোচিত এ দুই ভাই।












