চট্টগ্রাম-৮ আসনে পুনরায় উপনির্বাচন চেয়েছেন ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। এসময় নির্বাচন স্থগিতেরও দাবি জানান তিনি।
আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলে রেখে ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনে আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় নগরের নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন আবু সুফিয়ান।
নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সুফিয়ান।
এর আগে সকাল ৯টা থেকে এই আসনে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।












