২০১৯ সালের ১০টি সেরা ব্যাটিং পারফর্মেন্সের তালিকা করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। এ তালিকায় বর্ষসেরা ব্যাটিং পারফর্মেন্সের আছেন তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তালিকার ৯টি পারফর্মেন্সই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে সাকিব ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। তার ইনিংসটি নিয়ে ক্রিকইনফো লিখেছে, ‘তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টন্টনের ছোট মাঠে সেই সুবিধা ভালই কাজে লাগিয়েছেন সাকিব।’ বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরিতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন। সেই সঙ্গে বল হাতেও ৮ ম্যাচে তুলে নেন ১১ উইকেট। তালিকার চারে আছে সাকিবের এই ইনিংস।
অন্য ৯ ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই বিশ্বকাপের। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইলের ৯২ রানের ইনিংস, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শিখর ধাওয়ানের ১১৭, ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোহিত শর্মার ১৪০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেন উইলিয়ামসনের ১০৬ রানের ইনিংসগুলো স্থান পেয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় তারকা কার্লোস ব্রেথওয়েটের ১০১, একই প্রতিপক্ষের বিপক্ষে পাকিস্তানের বাবর আজমের ১০১, ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর ১১১ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বেন স্টোকসের ৮৪ রানের ইনিংসটিও জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের বাইরে একমাত্র ইনিংসটি স্থান পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারের। গেল বছর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৩৯ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান।












