সরস্বতীপূজার কারণে দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়েছে। এর ফলে এসএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছে।
নির্বাচন কমিশন ভবননির্বাচন কমিশন ভবনঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়েছে।
শনিবার রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এই সব তথ্য জানান। দুই সিটি করপোরেশন নির্বাচনে পিছিয়ে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি করার কথা সাংবাদিকদের জানান তিনি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিবর্তিত সময় অনুযায়ী এখন এই পরীক্ষা শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। পূর্বঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, সরস্বতীপূজার কারণে ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোট গ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি নেওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।












