দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পাসপোর্ট অধিদপ্তর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ী পাসপোর্ট অফিস থেকে দেয়া হবে ই-পাসপোর্ট। সারাদেশে বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরে মোট ৫০টি ই-গেট স্থাপন করা হবে। এরই মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে ৯টি ই-গেইট। সবধরনের প্রস্তুতি শেষ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ই-পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশনের দীর্ঘসূত্রিতা কমবে। একদিকে সময় বাঁচবে অন্যদিকে কমবে যাত্রী হয়রানি। বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হচ্ছে।












