চীনের রহস্যময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির উহান শহরে আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫৪০-এর বেশি। এছাড়া ভাইরাসটি আরও প্রায় ৭টি দেশে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। যা বিশ্বজুড়ে উদ্বেগ ও শঙ্কার তৈরি করেছে।খবর রয়টার্স।
গতকাল বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯ জন এবং ৪৪০ জন আক্রান্ত বলে জানা যায়। একদিনেই সরকারি হিসাবে আরও ৮ জনের মৃত্যু ও ১০০ জন এতে আক্রান্ত হলেন। চীনের এই ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষ থেকে মানুষে সংক্রমিত এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
চীন ছাড়াও এখন পর্যন্ত তাইওয়ান, ফিলিপাইন্স, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে৷ যুক্তরাষ্ট্রেও একজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷












