দুর্নীতির ধারণা সূচকে (করাপশন পারসেপশন ইনডেক্স-সিপিআই ২০১৯) ১০০ নম্বরের মানদণ্ডে এবার বাংলাদেশের স্কোর ২৬ , যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে। এই তালিকার ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম, যা ২০১৮ এর তুলনায় ৩ ধাপ উন্নতি। তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা গত বছরের তুলনায় একধাপ উন্নতি। এবছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে নিম্নক্রম থেকে একই অবস্থানে আরও রয়েছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মোজাম্বিক ও নাইজেরিয়া।
বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৯ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এই সূচক প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
২০১৯ সালে বাংলাদেশ তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী ১৮০ দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। যা সিপিআই ২০১৮ থেকে এগিয়েছে। সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ ১৪৬তম। এখানে গত বছরের তুলনায় ৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া।
সোমালিয়ার পর নিম্নক্রম থেকে ১২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ সুদান, ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সিরিয়া, ১৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইয়েমেন, ১৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভেনিজুয়েলা, ১৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে সুদান, একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ইকুয়াটরিয়াল গুয়েনা, ১৬ স্কোর নিয়ে আফগানিস্তান অষ্টম, ১৭ স্কোর নিয়ে কোরিয়া (উত্তর) নবম, ১৮ স্কোর নিয়ে লিবিয়া দশম স্থানে রয়েছে। ১৮ স্কোর নিয়ে লিবিয়ার পর যথাক্রমে রয়েছে হাইতি, গুয়েনা বিসাও ও কঙ্গো।
প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মুজাম্বিক ও নাইজেরিয়া। ২০১৮ সালে নিম্নক্রম থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে। তাদের স্কোর ১৬। এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান।












