চট্টগ্রামে যাতায়াতের সুবিধা ও দুর্ভোগ রোধে শিক্ষার্থীদের জন্য মাত্র ৫ টাকা ভাড়ায় বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। সব ঠিক থাকলে রোববারই নগরীর শিক্ষার্থীদের জন্য নামছে ১০টি দ্বিতল বাস। দুই রুটে দিনের দুই বেলায় চলবে এসব বাস। দূরত্ব যতই হোক শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেয়া হবে ৫ টাকা।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সূত্রে জানা গেছে, দ্বিতল এই বাসগুলোর আসনসংখ্যা ৭৩টি। প্রথম থেকে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে এসব বাসে উঠতে পারবে। ভাড়া নেওয়ার জন্য বাসগুলোতে থাকবে না কোনো চালকের সহকারী। বাসের সামনে ও পেছনে সংরক্ষিত তালাবন্দী ‘সততা বাক্সে’ ভাড়া দিয়ে শিক্ষার্থীরা নির্ধারিত গন্তব্যে যাতায়াত করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আলাদা বাসসেবা চালুর দাবি উঠেছিল। ২০১৯ সালের ১৫ এপ্রিল শিক্ষার্থীদের জন্য ১০টি বাস বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ১০টি বাস সকাল ও বিকেল—এই দুই দফায় দুটি রুটে চলাচল করবে। এর মধ্যে পাঁচটি বহদ্দারহাট থেকে ছেড়ে বাদুড়তলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে নিউমার্কেট মোড়ে যাবে। আবার একইভাবে বহদ্দারহাট মোড়ে ফিরে আসবে।
অন্যদিকে বাকি পাঁচটি বাস অক্সিজেন থেকে মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, টাইগারপাস হয়ে আগ্রাবাদ যাবে। একইভাবে অক্সিজেনে ফিরে যাবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেমে শিক্ষার্থীদের ওঠানো-নামানো করা হবে।
সূত্র : যমুনা টিভি












