চীনে করোনাভাইরাস আতঙ্ক, মৃতের সংখ্যা বেড়ে ৪১

0
160

চীনের রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হুবেই প্রদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সবমিলিয়ে এই ভাইরাসে ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১২৫৩ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

এমন এক সময় এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটলো চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মুখিয়ে রয়েছে চীন। চীনের ক্যালেন্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব। তবে করোনাভাইরাসের প্রকোপের কথা মাথায় রেখে বিভিন্ন শহরে এই উৎসব বাতিল করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের শহর উহানসহ পাশের আরও একটি নগরীকে কার্যত এখন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ এই দুটি নগরী থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

উহান শহরের মেয়র এই বলে কর্মকর্তাদের সমালোচনা করেছেন যে তারা এই ভাইরাস যে কতটা ঝুঁকিপূর্ণ, তা মোটেই উপলব্ধি করতে পারেন নি।

এই ভাইরাসে আক্রান্ত হলে এখনও পর্যন্ত কোন চিকিৎসা নেই, তাই এটি প্রতিরোধের ওপরেই সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে।

এদিকে রহস্যময় এই ভাইরাসটি এখন ইউরোপে পাড়ি জমিয়েছে। ফ্রান্সে তিনজন ব্যক্তির শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এর আগে জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, দক্ষিণ কোরিয়া, নেপাল, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে।

LEAVE A REPLY