রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে আচমকা গোলাবর্ষণ, দুই নারী নিহত

0
133
ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনে আবারও সেনাবাহিনীর আগ্রাসনের শিকার হয়েছেন রোহিঙ্গারা। শনিবার উত্তর রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামে সেনারা গোলা ছুঁড়েছে। এতে প্রাণ গেছে দুই নারীর। আহত হন সাতজন।

স্থানীয়রা জানান, উত্তর রাখাইনের কিন তাউং গ্রামে এ হামলায় নিহতদের একজন গর্ভবতী ছিলেন। একই ঘটনায় গ্রামটির অপর সাত ব্যক্তি আহত হয়েছেন।

উত্তর রাখাইনের বুথিডাউং শহরের সংসদ সদস্য মং কি আউ বলেন, কোনো যুদ্ধ ছাড়াই কিন তাউং গ্রামের কাছে অবস্থান করা সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন মধ্যরাতে গ্রামটিতে গোলাবর্ষণ শুরু করে।

কিন তাউং থেকে মাইলখানেক দূরে বসবাসকারী রোহিঙ্গা গ্রামবাসী সো তুন ওও ফোনে রয়টার্সকে গোলার বিস্ফোরণে দুটি বাড়ি ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, মিলিটারিরা সব সময় ভারী অস্ত্র থেকে গোলাবর্ষণ করে। যে এলাকাকেই সন্দেহজনক মনে হয় সেখানেই ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে তারা। আমরা ভয়ে থাকলেও অন্য কোথাও পালিয়ে যাওয়া অসম্ভব।

এ হামলার দায় অস্বীকার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। হামলার দায় বিদ্রোহীদের দিয়েছে তারা। ভোরে বিদ্রোহীরা একটি সেতুতে আক্রমণ চালিয়েছিল বলে জানিয়েছে তারা।

এ নিয়ে রাখাইনে এ বছর দ্বিতীয় বারের মতো কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটলো। এর আগে ৭ জানুয়ারি (মঙ্গলবার) কাউক ইয়ান গ্রামে এক মাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত হন।

LEAVE A REPLY