ব্রাহ্মণবাড়িয়ায় মৃত ছেলের পোস্টার বুকে জড়িয়ে রাস্তায় মা

0
200
ছবিঃ সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলেকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর সঙ্গে রাস্তায় নেমেছেন এক মা। বুকে পোস্টার জড়িয়ে নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন তিনি। ছেলের পোস্টার জড়িয়ে শুধু কাঁদছেন মা বাছিয়া পারভীন।

আজ সোমবার রিমন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে নিহতের মা ও তার পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ ভাণ্ডারি, নিহত রিমনের বোন বিউটি বেগম, ছাত্রলীগ নেতা জিদনী ইসলাম, আয়াত আলী সরদার, শামছু মিয়া, জসিম সরকার, আবদুল আজিজ অনিক ও মোবারক মিয়া প্রমুখ।

এ সময় তারা রিমন হত্যায় জড়িত কোনো আসামিকে ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা অপরাধে দিন-দুপুরে রিমনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অবিলম্বে রিমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর শহরের বেপারিপাড়া এলাকার মোবারক মিয়ার বাড়ির সামনে একদল দুর্বৃত্ত রিমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন ৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিমন।

এ ঘটনায় শহরের উত্তর মৌড়াইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে খেলু মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন রিমনের মা বাছিয়া পারভীন।

LEAVE A REPLY