লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ কে ধর্ষণের পর হত্যা মামলায় ১০ আসামির মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অপর দুই আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শামসুন্নাহার লাইজু ও ফারহানা আফরোজ। দুজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্র নিযুক্ত হিসেবে আসামিদের হয়ে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শফিকুল ইসলাম ও হাফিজুর রহমান খান।
এর আগে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এ ঘটনায় ১০ আসামির মৃত্যুদণ্ড দেয় আদালত। এসময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের একলাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার এ টাকা ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে দেয়ার আদেশ দেয়া হয়। একই সঙ্গে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
২০১২ সালের জুলাই মাসে একদল ডাকাত কৃষ্ণ লাল দেবনাথের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তারা স্মৃতি নাথ সীমাকে পাশের একটি ঘরে ধর্ষণ করে। মালামাল লুঠ করে ডাকাতরা চলে যাওয়ার পর সীমাকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।












