ঢাকার দোহারে এল,জি,ই,ডি এর উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহের অফিস কক্ষে ঢুকে লাঞ্চিত করা ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে।
রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন লাঞ্ছনার শিকার প্রকৌশলী কবির উদ্দিন শাহ।
মামলা সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন শাহর অফিস কক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ওই অফিসের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালমন্দ করে। এক পর্যায়ে আমিনুলের সঙ্গে থাকা ৪/৫ জন তার উপর হামলা করে।
এ ঘটনায় রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করা হয়েছে।
কবির উদ্দিন শাহ জানান, আমিনুল ও তার সহযোগীরা আমাকে মারধর করে টেবিলের গ্লাসহ কিছু জিনিসপত্র ভেঙে ফেলেছে।কারতিকপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারে বাধা প্রদান করায় তার উপর ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে আমিনুল ও তার সাথে থাকা ৪-৫ জন। এক পর্যায়ে তারা প্রকৌশলী কবির উদ্দিন শাহকে প্রান নাশের হুমকি দেয় বলেও মামলা সুত্রে জানা যায়।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












