প্রধানমন্ত্রী ইতালিতে তাঁর চার দিনের সরকারী সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কঁ’তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারী সফরে রোম পৌঁছান।
ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কঁ’তের সঙ্গে তাঁর সরকারী বাসভবন পালাজো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এরআগে তিনি রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকাস্থ বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। সেদিন বিকেলে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি ধল তাঁর অবস্থানকালিন হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল এন্ড স্পা’তে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্ব্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসে’র সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে সাক্ষাৎ করেন।












