ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। স্থানটিতে দুর্ঘটনা প্রবণ হওয়ায় অতি শীঘ্রই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাসে মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
পরে খবর পেয়ে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
অবরোধকারী এলাকাবাসীরা জানান, গত এক বছরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছেন।
সর্বশেষ গত মঙ্গলবার আব্দুল লতিফ ওরফে লাল মিয়া নামের এক স্কুলশিক্ষক নিহত হন। আর কোনও মানুষের প্রাণ হারাতে না হয় এজন্য এই মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা।












