নিয়ত পূরণের আশায় মসজিদ ধুয়ে পানি নিচ্ছেন নারীরা

0
323
ছবিঃ সংগৃহিত

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় রোগমুক্তি, পরীক্ষায় ভালো ফলাফল ও চাকরিসহ বিভিন্ন নিয়ত পূরণ হওয়ার আশায় মসজিদ ধুয়ে দিতে ও সেই পানি নিতে ভিড় করছেন শত শত নারী-পুরুষ। কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছেরাজ আমিন জামে মসজিদের এমন দৃশ্য এখন কৌতুহল সৃষ্টি করেছে জনমনে। প্রতিদিন ভোরে এমনটি হলেও শুক্রবারে ওই মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষের ঢল নামে। তবে একে ধর্মীয় কুসংস্কার ও বিদয়াত হিসেবে আখ্যা দিয়েছেন আলেমরা।

জানা যায়, গত ২০ বছর ধরে মসজিদ ধুয়ে দিতে ভিড় জমান নারীরা। আধপাকা মসজিদটি ধোয়ার জন্য এখন পুরুষদেরও দেখা মিলে। ফজরের নামাজ শুরুর আগেই বিভিন্ন বয়সী কয়েকজন নারী-পুরুষ মসজিদ ঘরের পাশে পুকুর থেকে জগ ও ছোট কলসিতে পানি নিয়ে নেমে পড়েন মসজিদ ধোয়ার কাজে। পুকুর ও নলকূপ থেকে হিসেব করে তিন জগ কিংবা তিন কলসি পানি নিয়ে এসে ঢেলে দেন মসজিদের দরজা, বারান্দা এবং মেহরাবে। মসজিদ থেকে গড়িয়ে পড়া কিছু পানি বোতলে নিয়ে নেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, তারা স্থানীয় নারীদের কাছে থেকে শুনে এখানে পানি নিতে এসেছেন। তবে এ পানি পান করে কারো উপকৃত হওয়ার বিষয়টি সঠিকভাবে তাদের জানা নেই।

মসজিদ ধোয়ার বিষয়টি কিভাবে আসলো তা জানতে চাইলে স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে বর্তমান ইমামের বাবা নাকি স্বপ্ন দেখেন, যেসব নারী শুক্রবার এ মসজিদ ধুয়ে দেবেন বিনিময়ে তার মনের আশা পূরণসহ রোগমুক্তি হবে। এ কথাটি কোনও এক নারীর কান হয়ে এখন হাজার হাজার নারীর কানে পৌঁছে গেছে। এখন প্রতি শুক্রবারই শতশত নারী ছুটে আসছেন মনের আশা পূরণের জন্য।

মসজিদটি সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে মেঘনা নদী ভাঙতে ভাঙতে বর্তমান লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পৌঁছায়। তখন ভবানীগঞ্জ এলাকার করিম বক্স জামে মসজিদটি নদী ভাঙনের কবলে পড়ে।

পরবর্তীতে কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নতুনভাবে স্থাপন করা হয়। মসজিদের নতুন স্থানটি জনৈক ছেরাজ আমিনের দখলে ছিল। তাই এর নামকরণ করা হয় ছেরাজ আমিন মসজিদ। মসজিদটি প্রথমে খড়ের ছাউনির থাকলেও পরে টিনের ছাউনি দেয়া হয়। অন্যান্য মসজিদের ন্যায় সাধারণ মসজিদ ছিল এটি।

LEAVE A REPLY