বুধবার প্রকাশিত হওয়া সবশেষ তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত ২ হাজার ৪ জন মারা গেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
চীনের মূল ভূখণ্ডে নতুন করে ১৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৮৫ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং আরো বেশ কয়েকটি দেশে আরো ৭০০ জনের মধ্যে সংক্রমিত হয়েছে এই ভাইরাস।
এদিকে চীনের বাইরে বুধবার হংকং জানিয়েছে যে সেখানে ভাইরাস সংক্রমণে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ফ্রান্স, জাপান, ফিলিপিন্স ও থাইল্যান্ডে একজন করে ভাইরাস আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার চীন ৪৪ হাজার ভাইরাস আক্রান্ত ব্যক্তির তথ্য নিয়ে বিস্তারিত এক গবেষণা প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে যে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর হার আগে থেকে অসুস্থ এবং বয়স্কদের মধ্যে বেশি।












