কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে এক বিদেশি পর্যটকের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানি করায় সেই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।
আটক যুবকের নাম মো. সালমান (১৮)। তিনি টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার বাসিন্দা। তিনি হ্নীলার এমএনসি কলেজের ছাত্র।
টেকনাফ থানা পুলিশ জানায়, সালমানকে বর্তমানে থানার হাজতে রাখা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাহাজে এক ফরাসি পর্যটককে হয়রানির একটি ভিডিও। যেখানে দেখা যায়, ওই পর্যটককে এক তরুণ টেকনাফের স্থানীয় ভাষায় গালিগালাজ করছেন । এছাড়াও বেশ কয়েকজন তরুণ ওই ফরাসি পর্যটককে চারিপাশ থেকে ঘিরে রাখে। এদের মধ্যে সালমান কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এক সময় সালমান ও তার সঙ্গীরা পর্যটককে ঘিরে হাসি-ঠাট্টায় মেতেছেন।
ওই ভিডিওটি নজরে এলে সালমানকে আটক করে টেকনাফ পুলিশ।












