বগুড়ায় গোপন বৈঠকের অভিযোগে ছাত্র শিবির সন্দেহে নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
রাত ১০টায় সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা এ তথ্য জানান। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় জানাননি।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার রাত ৮টার পর শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবির নেতাকর্মীদের কোরআন শিক্ষার নামে গোপন বৈঠক চলছিল। গোপনে এমন খবর পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করা হয়। সেখান থেকে এক আইনজীবীসহ শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।












