‘ইন্ডিয়ান ২’ ছবির সেট তৈরির সময় ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সে সময় শুটিং স্পটেই ছিলেন ছবির অভিনেতা কমল হাসন এবং রাকুল প্রীত। সেটে উপস্থিত থাকলেও তাদের কোনও ক্ষতি হয়নি।
আনন্দবাজার সূত্রে জানা যায়, বুধবার রাতে আচমকাই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়ে। প্রথমে জানা গিয়েছিল ছবির পরিচালক শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু পরে জানা যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শঙ্কর অক্ষত থাকলেও তাঁর ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসন। টুইটারে তিনি লেখেন, ‘জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’












