চীনের করোনাভাইরাসের উৎসভূমি উহান থেকে সরিয়ে নেয়া নিজ নাগরিকদের ওপর হামলা চালিয়েছেন ইউক্রেনের বিক্ষোভকারীরা। দেশটির নোভি সানজারি এলাকায় হাসপাতালমুখী রাস্তায় আগুন জ্বালিয়ে তাদের প্রতিবাদ জানাতে দেখা গেছে।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফিরিয়ে নিয়ে ওই হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া রোগী বহনকারী বাসেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর মেইল অনলাইনের।
তবে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সশস্ত্র পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার উহান থেকে ৪৫ ইউক্রেনের নাগরিক ও ৩৭ বিদেশিকে বিমানে করে খারকিভে নিয়ে যাওয়া হয়।
আক্রান্ত নাগরিকদের প্রতি সহানুভূতি দেখাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিম্রির জেলেনসকি।
ইউক্রেনের কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ জানায়, চীন থেকে নিয়ে আসা কয়েক জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস আছে বলে ভুয়া দাবির পরেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দেশটিতে এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়নি। যাদের উহান থেকে ফিরিয়ে নেয়া হয়েছে, তারাও অসুস্থ না বলে দাবি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জোরইয়ানা স্কালেটেসকা বলেন, আগামী ১৪ দিন উহানফেরতদের সঙ্গে একই অবস্থায় একই ভবনে আমি থাকবো। তারা আমাদের দেশের নাগরিক। কাজেই তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যের নিশ্চয়তা দেয়া আমাদের দায়িত্ব।
চীনে এই প্রাণঘাতী ভাইরাসের আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। একদিন আগে যেখানে ৩৯৪ জন আক্রান্ত হন, পরের দিন শুক্রবার এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছেন।
চীনের মূল ভূখণ্ডে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৮৫ জনে। আর নিহতের সংখ্যা দুই হাজার ২৩৬ জন। বৃহস্পতিবার দিন শেষে মারা গেছেন ১১৮ জন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির বিভিন্ন কারাগারে ৫০০ রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবারে হুবাই প্রদেশের কারাগারে ২২০ জন আক্রান্ত হন। কিন্তু এসব আক্রান্তের ঘটনা কখন ঘটেছে, তা পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।












