বান্দরবান জেলার জামছড়ি মুখ পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৫ জন।
আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২) ,লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০) । তারা সবাই একই এলাকার বাসিন্দা ।
শনিবার সন্ধ্যা ৭ টায় জামছরি মুখ পাড়ার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাদের উপর গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়। এ সময় গুলিতে ঘটনাস্থলে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।
এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কারা এই ঘটনার সাথে জড়িত আমরা তদন্ত করে দেখছি ।












