ধর্ষণ, নারী নিপীড়ন এখন বিশ্বব্যাপী সমস্যা: প্রধানমন্ত্রী

0
136
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

ধর্ষণ, নারী নিপীড়ন এখন বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নারীদের ওপর পাশবিক নির্যাতন করে, তারা পশুর চেয়েও অধম। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ রোধে পুরুষদেরও সোচ্চার হতে হবে, পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে।

আজ রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগে নারীরা নির্যাতনের শিকার হলে তা লোকলজ্জার ভয়ে বলার সাহস পেত না। মামলা করতে চাইতো না। আমরা এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। যার কারণে নারীরা এখন বলার সাহস করছে, মামলা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগিয়ে যাবে। একজন নারী যদি কাজ করে কামাই-রোজগার করেন তাহলে সংসারে তার সম্মান বাড়ে। পাশাপাশি সংসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

মহান মুক্তিযুদ্ধে নারীর অবদান স্মরণ করে শেখ হাসিনা বলেন । মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর নারীসহ দুই লাখ নির্যাতিত মা-বোনদের এবং জাতীয় ও আন্তর্জাতিক নারী জাগরণের অগ্রদূতদেরকে, যাদের আত্মত্যাগ ও নিষ্ঠার বিনিময়ে নারীর সমঅধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়েছে, আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

LEAVE A REPLY