বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্বের ইতি টানলেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে বিদায় নিলেন তিনি। তার আগে বাংলাদেশের জার্সিতে দল নায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
বলা যায় মাশরাফী দলকে রেখে গেছেন সাফল্যের চূড়ায়। স্বভাবতই সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সেটা টেরও পেয়েছেন সতীর্থদের ভালোবাসায়।
ফেসবুক পেজে বাংলাদেশের সফলতম অধিনায়ক আবেগঘন দুটি লাইন লিখেছেন। সতির্থ ও সমর্থকদের জন্য দেয়া এই পোস্টে রয়েছে বিশেষ বার্তা।
নিজের কয়েকটি ছবি সংযুক্ত করা এক পোস্টে মাশরাফি বলেছেন, ‘শেষ বেলায় ভুলে যেও অভিমান। মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।’

২০১০ সালে দলের দায়িত্ব পেলেও ইনজুরির কারণে দূরে থাকতে হয় ক্রিকেট থেকে। দলে থিতু হওয়ার পর ২০১৪ থেকে টাইগারদের নিয়মিত অধিনায়ক হয়ে ৮১টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৪৬টি ম্যাচ। তবে মোট ৮৮ ম্যাচে মাশরাফির নেতৃত্বে সর্বোচ্চ ৫০টি ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ।
ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি অধিনায়ক হিসেবে নিজের শেষ টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে জয় পেয়েছেন।












